ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

বউ থাকা সত্ত্বেও শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের মুখে চুনকালি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও বিয়ে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম স্ত্রী থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করার অভিযোগ উঠেছে আলোচিত টিকটকার মাসুদ রানার বিরুদ্ধে। 

এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি হাট এলাকায় উত্তেজিত লোকজন তাদের অবরোধ করে মুখে চুনকালি মেখে মারপিট করে। 

বিষয়টি এখন টক অবদি টাউনে পরিণত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার মাসুদ রানা ও তাঁর স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন রক্ষার অদ্ভুত এক যুক্তি দেখিয়ে মৌসুমীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন মাসুদ। মাসুদের মূল বাড়ি নওগাঁ সদর উপজেলার বাচাড়ীগ্রামে হলেও বর্তমানে তিনি বদলগাছীতে ভাড়া বাসায় বসবাস করছেন।

গত শনিবার বদলগাছী উপজেলায় মাসুদের ভাড়া বাসায় জমকালো আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান ও বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি মাসুদ রানার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এ ধরনের ঘটনা  প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

এদিকে এই বিয়েটি ধর্মীয় বিধান এবং পারিবারিক মূল্যবোধের চরম অবমাননা বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও আলেমরা। ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষ একই সময়ে দুই বোনকে বিবাহবন্ধনে রাখতে পারেন না।

পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে দুই বোনকে একসাথে বিয়ে করার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে ধর্মীয় গবেষক ও আলেমদের একজন মুফতি শরিফুল ইসলাম জানান, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা নিঃসন্দেহে নিষিদ্ধ। প্রথম স্ত্রী জীবিত থাকা এবং তাঁর সাথে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করার কোনো সুযোগ ইসলামে নেই। তবে স্ত্রী মারা গেলে বা শরয়ি উপায়ে তালাক হয়ে গেলে পরবর্তী সময়ে ইদ্দত পালন করার পর তার বোনকে বিয়ে করা বৈধ।

ধর্মীয় ও সামাজিক রীতিনীতি লঙ্ঘন করে আয়োজিত এই বিয়ে কোনভাবেই সমর্থন যোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। 

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকার মানুষ ফুসে উঠতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কটুক্তিসহ সমালোচনার ঝড় বইছে। 

এর একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে দুই স্ত্রীকে নিয়ে মাসুদ রানা মহাদেবপুর থেকে বদলগাছি ভাড়া বাসায় ফেরার পথে মাতাজি হাট এলাকায় উত্তেজিত জনতা তাদের অবরোধ করে রাখে। পরে তাদের মুখে চুনকালি মেখে জুতার মালা পরিয়ে দেয়। এক পর্যায় মাসুদ রানাকে মারপিট করা হয়। 

এ বিষয়ে টিকটকার মাসুদ রানা বলেন, শালিকা পূর্ণিমাকে নিয়ে অনেক আগে থেকেই টিকটক করা হয়েছে। এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখনো দৃশ্যমান। এই অবস্থায় পূর্ণিমাকে অন্যত্র বিয়ে দিতে গেলে অনেক প্রশ্নের সৃষ্টি করবে। তাই প্রথম স্ত্রীর সাথে পরামর্শ করে তার উপস্থিতিতে এই বিয়ে হয়েছে। 

এমন বক্তব্য গত কয়েক দিন ধরে মাসুদ রানা বলে আসলেও আজ মঙ্গলবার সকালে তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি