বগুড়ার পথে প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ
প্রকাশিত : ০৮:৩৫, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৪৬, ২০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।
সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সফরসূচি থেকে জানা যায়, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।
প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন সরকারপ্রধান। তার আগমনকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবে করা হয়েছে রংয়ের কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়ীতেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও রাজনৈতিক বৈষম্য কাটিয়ে এই অঞ্চলকে এগিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তার এই সফরে তারই প্রতিফলন ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।
এএ
আরও পড়ুন










