ঢাকা, বুধবার   ২২ জুলাই ২০২৬

বগুড়ায় ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে। এ সময় জাল নোট ব্যবসার অভিযোগে মো. রফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি মো. ছলিম উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে রফিকুল ইসলামের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলোর মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। এ সময় জাল নোটগুলো জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি