বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
প্রকাশিত : ১৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা করে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই বিশেষ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে সম্পূর্ণ জামানতবিহীন এই ঋণ সুবিধা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক নির্মাণ ও সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান গ্রহণের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাখাতের বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি জানান, এখন থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।
এছাড়া উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষার শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কওমী ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে।
চাকরি ও নতুন বেতন কাঠামোসরকারি চাকরিতে বড় ধরনের সংস্কারের তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। নতুন এই কাঠামোতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জুলাই বিপ্লবের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে ইতিমধ্যে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বন্যাদুর্গত নেপালে বাংলাদেশের পক্ষ থেকে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ
আরও পড়ুন










