বজ্রপাতের মতো এসেছে হাম, মোকাবিলায় প্রস্তুত আমরা: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১২:৫১, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৬, ২ এপ্রিল ২০২৬
ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আমরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে আমাদের ওপর, যেটার কোনো প্রস্তুতি আমাদের ছিল না। তারমধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের অনেকগুলো সন্তান চলে গেছেন। আমি অনেক মর্মাহত।’
তিনি বলেন, ‘এর আগে একটা ঘটনায় একটামাত্র ক্যাজুয়ালিটিজ হয়েছিল, সংক্রামকব্যাধী হাসপাতাল, মহাখালীতে। আমরা রাত ১টায় সেখানে গিয়েছিলাম। আমরা সমাধান করতে পেরেছিলাম। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আইসিইউ ছিল সেটা ১৮ ঘণ্টার মধ্যে তড়িত গতিতে ডাক্তার-নার্সদের নিয়ে চালু করেছি। যে কারণে সেখানে আর কোনো ক্যাজুয়ালিটিজ হয়নি।’
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি। ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এ রকম ক্যাম্পেইন চালু হয়নি।
এএইচ
আরও পড়ুন










