বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই: স্থানীয় সরকারমন্ত্রী
প্রকাশিত : ১৬:১৬, ১৭ এপ্রিল ২০২৬
দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ থাকা সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল।
হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।
এমআর//
আরও পড়ুন










