ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অধীনে স্বর্ণের মূল্য নির্ধারণ চেয়ে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৮, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের স্বর্ণবাজারের সার্বিক নিয়ন্ত্রণ, প্রাতিষ্ঠানিক লাইসেন্সিং, আমদানি-রপ্তানি তদারকি, ভল্ট অডিট, সাপ্লাই চেইন ট্র্যাকিং এবং স্বর্ণের দৈনিক মূল্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা এবং বেসরকারি ব্যবসায়ী সংগঠনের স্বেচ্ছাচারী মূল্য নির্ধারণ বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ধারা ৭-এ ও ৮ উদ্ধৃত করে বলা হয়, জাতীয় মুদ্রা ও ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ, মুদ্রার মান রক্ষা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার সাংবিধানিক ও আইনি দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। 

আরও বলা হয়, মানব সভ্যতার শুরু থেকেই স্বর্ণ মূলত মুদ্রা ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং আধুনিক বিশ্ব অর্থনীতিতেও স্বর্ণ সাধারণ কোনো বাণিজ্যিক ভোগ্যপণ্য নয়; বরং এটি একটি পরোক্ষ ও বিকল্প মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রথম স্তরের সার্বভৌম রিজার্ভ সম্পদ। অথচ বাংলাদেশে স্বর্ণকে একটি সাধারণ ভোগ্যপণ্যের মতো বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে বিভক্ত করে রাখা হয়েছে, যার সুযোগে সমান্তরাল কালোবাজার দেশের স্বর্ণ খাতকে গ্রাস করেছে।

নোটিশে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ তদারকি না থাকায় কতিপয় বেসরকারি ব্যবসায়ী সমিতি ও সিন্ডিকেট কোনো আইনি কর্তৃত্ব ছাড়াই প্রতিদিন নিজেদের ইচ্ছামতো স্বর্ণের দাম বাড়াচ্ছে ও কমাচ্ছে। 

এই স্বেচ্ছাচারী মূল্যবৃদ্ধির ফলে, প্রথমত, স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি স্থানীয় মুদ্রা টাকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্রয়ক্ষমতাকে মারাত্মকভাবে অবমূল্যায়ন করছে। দ্বিতীয়ত, স্বর্ণ যেহেতু মুদ্রার পরোক্ষ মানদণ্ড হিসেবে কাজ করে, তাই এর ঘন ঘন মূল্যবৃদ্ধি বাজারে সার্বিক মুদ্রাস্ফীতিকে উসকে দিচ্ছে এবং সাধারণ মানুষের সঞ্চয় বিনষ্ট করছে। তৃতীয়ত, স্বর্ণের অবাধ ও নজরদারিহীন প্রবাহকে ব্যবহার করে হুন্ডি ও বাণিজ্যভিত্তিক অর্থপাচার পরিচালিত হচ্ছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। চতুর্থত, কালোবাজারি ও কর ফাঁকি দেওয়া অপরাধী চক্র ব্যাংকিং নজরদারি এড়াতে তাদের অবৈধ কালো টাকা স্বর্ণে রূপান্তর করে লুকিয়ে রাখছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, এ ধরনের বাজার কারসাজি ও কেন্দ্রীয় ব্যাংকের নিষ্ক্রিয়তা ফরেইন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর পরিপন্থী। একইসাথে এটি সংবিধানের অনুচ্ছেদ ৩১ (আইনের আশ্রয়লাভের অধিকার), অনুচ্ছেদ ৪০ (ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা) এবং অনুচ্ছেদ ৪২ (সম্পত্তির অধিকার)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সুস্পষ্ট দাবি জানান যে, অবিলম্বে স্বর্ণের লাইসেন্স প্রদান, আমদানি-রপ্তানি, ভল্ট রিজার্ভ ও মজুত ব্যবস্থাপনাকে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আনতে হবে; সব ধরনের লেনদেন ও মজুতের জন্য বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর কাছে ডিজিটাল কেন্দ্রীয় লেজার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে; বেসরকারি সংগঠনের একতরফা মূল্য নির্ধারণের অবৈধ ক্ষমতা বন্ধ করে আন্তর্জাতিক বাজারদর (যেমন LBMA), অফিশিয়াল বৈদেশিক মুদ্রার হার ও শুল্কের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দৈনিক মূল্য নির্ধারণ নিশ্চিত করতে হবে; এবং স্বর্ণের মাধ্যমে অর্থপাচার ও কালো টাকা লুকিয়ে রাখা বন্ধে বাণিজ্যিক ভল্ট ও ডিলারদের নিয়মিত ফরেনসিক অডিট করতে হবে।

আইনি নোটিশে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে এসব কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, জাতীয় মুদ্রার মান রক্ষা ও জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে দৃঢ় হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি