বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী
প্রকাশিত : ১৯:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি, অনেক জায়গায় হয়েছে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, পছন্দ ও নীতিগত ভাবনা রয়েছে। এসব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। “নতুন সরকারের যে প্রোগ্রাম, প্রিফারেন্স ও চিন্তা-ভাবনা আছে—সব মিলিয়ে বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন হবে,” যোগ করেন তিনি।
এর আগে সরকার আহসান এইচ মনসুর-কে সরিয়ে দিয়ে মো. মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার ১২৭ অব ১৯৭২)-এর ১(৫) ধারা অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দেড় বছরের মাথায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এমআর//
আরও পড়ুন










