ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, অসম ও দেশের জাতীয় স্বার্থপরিপন্থি বলা হয়েছে। 

সোমবার আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক রিটটি করেন। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন। 

রিটে বিবাদী করা হয়েছে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের। চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে রিটে দাবি করা হয়েছে। 

চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ককাঠামো, নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।

রিটটি বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে জানান রিটকারি আইনজীবী মাইদুল ইসলাম পলক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি