ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বান্দরবান জেলায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে  অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। 

পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা ঈদের ছুটিতে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আহত হয়েছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ভোরে বাসটি খাদে পড়ে যায়। এতে অনেকে আহত হন। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি