ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যা, চালক-হেলপার আটক

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৪, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পেছনের চাকায় পিষ্ট করে মুকুল (৩৩) ও শাকিব (২৬) নামের দুই চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ ছেড়ে জিগাতলা নামক স্থানে সৈয়দপুর যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটে।

নিহতরা নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার মুকুল মিয়া কালু মিয়ার ছেলে এবং শাকিব হোসেন লোকমান বসুনিয়ার ছেলে। সম্পর্কে তারা প্রতিবেশী চাচা-ভাতিজা।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তারা কুমিল্লার একটি স্থানে রাজমিস্ত্রীর কাজ করতেন। সেখান থেকে ‘সায়মন ক্লাসিক’ নামের একটি গাড়িতে করে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাড়ির হেলপার ও দায়িত্বে থাকা লোকজনের সাথে তাদের ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। 

নিহতদের বাবা কালু মিয়া, লোকমান বসুনিয়াসহ স্বজনদের জোরালো দাবি, নিহতদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা নেওয়ার উদ্দেশ্যেই মূলত এই ঝগড়া-বিবাদের সৃষ্টি করা হয়েছিল। আর সেই ক্ষোভ ও জের ধরেই পরিকল্পিতভাবে তাদেরকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরে ওই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর বাসটি এবং অভিযুক্ত চালক জয়নাল ও হেলপার সপিকসহ দুজনকে আটক করে তারাগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। 

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় গাড়ি ও অভিযুক্তদের আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি