ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই রাষ্ট্র পরিচালনায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। 

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করবেন তিনি। 

সংশ্লিষ্টদের তথ্যমতে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন এই প্রধানমন্ত্রী। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। 

এরপর বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি