ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একযোগে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সকালে একুশে পদক দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের নয় জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছেন  একুশে পদক ২০২৬। একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হবে।

এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি