ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু ও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে সড়ক ও নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষরা। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ছিল চরমে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষিকাও চেয়ারে পা তুলে বসে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক সালাউদ্দিন মোড়, মনোহরপুর, মহিলা কলেজ রোড, রেইসকোর্স এলাকা, ঈদগাহ সড়ক, অশোকতলা, মগবাড়ি চৌমুনী, কালিয়াজুড়িসহ নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এছাড়া কোথাও কোথাও বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে যায়। পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পানিবন্দি হয়ে পড়ে মানুষ। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পাশাপাশি টানা বর্ষণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। অনেক কেন্দ্রে পানি জমে যাওয়ায় এক-দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাঁটু ও কোমর সমান পানি মাড়িয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। 

ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে অভিভাবক হারুনুর রশিদ বলেন, ‘পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই বিদ্যুৎ চলে যায়। এরপর মোমবাতি ও চার্জার লাইট দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে পানি ঢুকে যায়। এ অবস্থায় শিক্ষার্থীদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে। কেউ কেউ বেঞ্চের ওপরে পা তুলে লিখেছে।’

তবে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনে সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। 

তিনি জানান, সিটি করপোরেশনের কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকায় গিয়ে ড্রেন ও খালের মুখগুলো পরিচ্ছন্ন করে দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করেন। যেসব ড্রেনের মাধ্যমে নগরীর পানি বহির্গমন করে সেসব ড্রেন ও খাল তাৎক্ষণিক পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। এতে নগরীর জলাবদ্ধতা অনেকাংশেই কমে আসবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি