ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

বৈদ্যুতিক ট্রেন ও গাবতলী-দাশেরকান্দি মেট্রোসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নসহ মোট ১৬টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হচ্ছে।

গামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। 

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই ১৬টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৳৬৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন ১২টি এবং সংশোধিত চারটি।

নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্রাকশন অ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর’ প্রকল্পের আওতায় ৫২ কিলোমিটার দীর্ঘ এই রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে। প্রকল্পটির প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯৪২ কোটি টাকা। বাকি অর্থ উন্নয়ন সহায়তা হিসেবে দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

একনেক সভায় এমআরটি লাইন-৫ (দক্ষিণ রুট) প্রকল্পও উপস্থাপন করা হবে। এর আওতায় রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা যৌথভাবে দেবে এডিবি ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল (ইডিসিএফ)।

গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতাল মেট্রোরেল। এই অংশে হাতিরঝিলসহ মেট্রোলাইনটি মাটির নিচ দিয়ে যাবে, যার গভীরতা হবে ১৬ থেকে ৩৮ মিটার। স্টেশনগুলো হবে—গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, college gate, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও-আফতাবনগর। 

অন্যদিকে আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত বাকি ৪ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে উড়ালপথে। পুরো রুটে মোট ১৫টি স্টেশন থাকবে, যার মধ্যে ১১টি পাতাল ও ৪টি উড়াল।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শহরের পশ্চিম থেকে পূর্ব প্রান্তকে যুক্ত করতে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

একনেকে ওঠার অপেক্ষায় থাকা অন্য প্রকল্পসমূহযোগাযোগ খাতের পাশাপাশি এই সভায় ‘রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’, ‘চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়)’, ‘বরিশাল সেনানিবাস স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ এবং ‘খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ’ প্রকল্প উপস্থাপন করা হবে।

এছাড়া রেলওয়ের ‘বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধন)’, টেক্সটাইল ও লেদার খাতের জন্য ‘দ্য ইমপ্রুভড ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড সোশ্যাল প্রটেকশন ফর ওয়ার্কার্স ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর’ এবং বিদ্যুৎ খাতের ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পও তালিকায় রয়েছে।বন্যা নিয়ন্ত্রণ ও নদী ব্যবস্থাপনার মধ্যে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট (এফএসএসপি)’, ‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনি নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং ‘মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা’ প্রকল্প অনুমোদনের জন্য রাখা হয়েছে। এর বাইরে ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা এবং দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)’ একনেক সভায় উপস্থাপনের তালিকায় রয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি