ব্যবসায়ীর শরীরের সংবেদনশীল অংশ চেপে ধরে চেক সই, গ্রেপ্তার ২
প্রকাশিত : ২১:১২, ৫ জুলাই ২০২৬
বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের শরীরের সংবেদনশীল অংশ ‘অণ্ডকোষ’ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে বরিশালের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ জুনের ওই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি জানাজানি হয়।
ওই ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আব্দুল আজিজের অফিস কক্ষে চারজন যুবক ঢুকে পড়েন। তাদের মধ্যে এক যুবক আজিজকে মারধর করছেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়। মারধরের সময়ে আজিজ ‘বাচ্চু-বাচ্চু’ বলে একজনকে ডাকাডাকি করেন।
ডাক শুনে আরেক ব্যক্তি কক্ষের মধ্যে ঢুকলে লিটুর সঙ্গীরা ধাক্কাধাক্কি করে তাকে বের করে দেন। পরে চেক ও স্টাম্প হস্তান্তরের ছবি তোলা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মি. ইসলাম বলেন, “উনি বিজ্ঞ আদালতে একটা প্রেয়ার (আবেদন) করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এই মামলার ভিত্তিতে মোস্তাফিজুর রহমান লিটুসহ তার সেকেন্ড ইন কমান্ডকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে আদালতে সোপর্দ করেছি আজকেই বিকালে।”
পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান ওসি।
ভুক্তভোগী মামলায় কী অভিযোগ করেছেন- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কিছু ব্যবসায়িক লেনদেনের অভিযোগ আছে এবং চাঁদা দাবি ও চাঁদা লেনদেনের অভিযোগে মামলা করেছেন তিনি।”
এএইচ
আরও পড়ুন










