ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে কড়া বার্তা ঢাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আদালতের দণ্ডপ্রাপ্ত যে আসামিরা ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর তার যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং উভয় দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হয় বৈঠকে। 

এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষই একমত হয়। একইসঙ্গে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে আলোচনাকালে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উভয়পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি