ঢাকা, বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬

ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ভারতে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আসেন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় শনাক্ত করে তাকে আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, কামাল আহমদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলা যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এর আগেও ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় জনতার হাতে অবরুদ্ধ হয়েছিলেন কামাল আহমদ। সে সময়ও পুলিশ তাকে আটক করে। পরে তিনি জামিনে কারামুক্ত হন। 

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি