ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
প্রকাশিত : ১৫:৩৪, ২২ জুলাই ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (২২ জুলাই) বেলা ১২টায় 'শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ' ব্যানারে এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পৌঁছে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী এড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্নাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, 'নৈতিক স্থলন হওয়ায় গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় পদ ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। শ্যামনগরের মানুষকে কলঙ্কিত করেছেন তিনি। তাকে আমরা আর এমপি দেখতে চাই না। শ্যামনগরে তাকে আজ থেকে অবাঞ্চিত ঘোষনা করা হলো।'
তারা আরও বলেন, 'মুখে ইসলামের কথা বলে অন্তরের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। আমরা কলঙ্কিত, লজ্জিত। আমরা আশা করবো জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমাদের কলঙ্কমুক্ত করবেন।'
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।
ঘটনাটি নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গাজী নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন করেন। ওই পোস্টে নজরুল উল্লেখ করেন, মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম।
চলতি বছরের ১৭ জুন তারা পারিবারিকভাবে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেন নজরুল। তবে তার বিয়ের দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।
এমআর//
আরও পড়ুন










