ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রির্টানিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, উপজেলার বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৫) ভোট দিতে এসে লাইনে দাঁড়ান। সেখানে প্রসববেদনা অনূভব করলে ভোটকেন্দ্রেই জন্ম নেয় সেই কন্যাশিশু। 

এদিন বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বেঙনাই গ্রামে নবজাতকের বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রসূতি মা ও নবজাতকের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি মায়ের হাতে বাঁধাই করা একটি ইউনিক নম্বর সম্বলিত জন্মসনদও তুলে দেওয়া হয়। 

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, একটি প্রত্যন্ত গ্রামে ভোট দিতে এসে এক গর্ভবতী মা সন্তানের জন্ম দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। এই ঘটনা যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে।

মা আম্বিয়া খাতুন বলেন, ভোটের দিন আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে স্মরণ করে মেয়ের নাম রেখেছি খালেদা। 

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি