ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আওতামুক্ত রাখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিরে (আরএফইডি) সভাপতি কাজী জাবেল।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আরএফইডি। ইসিকে জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ।

তিনি আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বাস দিয়েছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও ইসি আশ্বস্ত করেছে।

এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনও ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমন সিদ্ধান্তের ফলে ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি