ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত : ২২:৫৫, ২৬ মে ২০২৬
ফরিদপুরের সালথা উপজেলায় ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিংহপ্রতাপ এলাকার ভ্যানচালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা স্ট্যান্ড এলাকায় গেলে তাকে হাবিবুর রহমান হাবির সমর্থকরা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে হাবিবুর রহমান হাবির পক্ষের সঙ্গে ইব্রাহিম মোল্যা সমর্থিত গ্রুপের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ থেকে ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়া একটি খড়ের গাদা ও একটি ট্রলিতে আগুন ধরিয়ে দেওয়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই পক্ষের নেতা ইব্রাহিম মোল্যা ও হাবিবুর রহমান হাবির বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর//
আরও পড়ুন










