ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, বললেন ‘হামলার শিকার হয়েছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে চিত্রনায়িকা পরীমনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। ঘটনাটিকে পরিকল্পিত ও নিরাপত্তাহীনতার কথা বলেন তিনি।

রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন।

অভিযোগ করে পরীমনি বলেন, ‘রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তাঁর গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন।’

অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগও করেন তিনি। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি জানান।

চিত্রনায়িকা বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাকে সেখান থেকে বের হতে সহায়তা করতে পারছিল না। পরে অতিরিক্ত পুলিশ ডাকা হয়।

পরীমনি বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

ঘটনার জন্য যাঁরা ‘ইয়োলো জার্নালিম’ করেন, যাঁরা ‘জার্নালিম’–এর নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাদের দায়ী করেন তিনি।

তার দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা তার পরিবেশনা উপভোগ করেছেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরীমনি বলেন, যদি তাঁর সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তাঁর সঙ্গে বসুক, তাঁর সঙ্গে বোঝাপড়া করুক।

এর আগে কয়েক দিন আগে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। এবার গুলশান শুটিং ক্লাবের অনুষ্ঠান ঘিরে তার নতুন অভিযোগ সামনে এলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি