ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মেয়েরও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ২২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাকে ছটপট করতে দেখে এগিয়ে যান মেয়ে। এতে তারা দু’জনেই প্রাণ হারান।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার পর মিলি নিজ বাড়ির সামনে তাদের দোকানের গেট খুলতে যান। এ সময় দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে ছটফট করতে দেখে মেয়ে লিমু খাতুন তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। 
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি