ঢাকা, রবিবার   ১৯ জুলাই ২০২৬

`মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা` 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ১৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

ফুটবল শুধু মাঠের বিনোদন নয়, এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। 

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত  হয়েছে ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় অনন্য ভূমিকা রেখেছে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি এবং অতিথি গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি তৃণমূল থেকে বিশ্বমানের ফুটবলার তৈরির আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মাদকমুক্ত দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ 'স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি'
টুর্নামেন্টের এই মহতী আয়োজনে সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম নিজামী। 

তিনি বলেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত এই চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি তার প্রতিষ্ঠার শুরু থেকেই মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, আর এ ধরনের আয়োজন সেই লক্ষ্য পূরণে দারুণ ভূমিকা রাখবে।

 আধুনিক সাংবাদিকতার পাশে 'অতিথি গ্রুপ'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা ও অতিথি গ্রুপ-এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিঞা। গণমাধ্যমের আধুনিকায়ন ও সাংবাদিকদের এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকরা হলেন বর্তমান সংবাদ মাধ্যমের আধুনিকতার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তির এই যুগে আগামী দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকরাই তথ্য ও সত্য প্রকাশে সবসময় এগিয়ে থাকবে। সংবাদকর্মীদের এই সুন্দর ও সুস্থ প্রতিযোগিতার আয়োজনে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অতিথি গ্রুপের পক্ষ থেকে এই টুর্নামেন্টের জন্য সবসময় শুভ কামনা রইল।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহরিয়ার নাইম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনসহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখা এবং সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়িত্ব পালনের এই অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি এবং অতিথি গ্রুপ-কে বিশেষভাবে ধন্যবাদ ও সাধুবাদ জানান।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি