মাদক মামলায় আটক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২
প্রকাশিত : ২১:১২, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৫, ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আসামিদের সহযোগীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় তারা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক দুজনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
এ হামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা গেছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, আটক দুজনকে ছাড়িয়ে নিতে তাদের সহযোগীরা রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এমএইচ
আরও পড়ুন










