ঢাকা, বুধবার   ২২ জুলাই ২০২৬

মাদারীপুরে লামিয়া হত্যায় অভিযুক্ত ৩ আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ২১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন - লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাগেরহাট জেলার রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, আলোচিত এই হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের কারণে লামিয়ার মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি