ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬

মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ১১ মে ২০২৬

Ekushey Television Ltd.

মানিলন্ডারিং আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরো ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে জনপ্রতি অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৫১০ টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অবৈধভাবে আদায় ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর বনানী থানায় গত বছরের ২৮ আগস্ট মানিলন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি