ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬

মারিয়া হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩২, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মারিয়া মাহি হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়া মাহির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি