মিশনে কর্মরতদের সন্তানদের জন্য শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ
প্রকাশিত : ১৪:৪২, ২২ নভেম্বর ২০২৬
বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন আদেশে মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা) পর্যন্ত ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব র হ ম আলাওল কবির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিশনের অবস্থান ও ব্যয় বিবেচনায় এ-লেভেল এবং স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা রাখা হয়েছে।
গ্রুপ ‘ক’ অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে সরকার। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানে সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানে ৩৫ হাজার ডলার ভাতা মিলবে। স্নাতক পর্যায়ে এক সন্তানে ২৫ হাজার ডলার এবং দুই সন্তানে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার (প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
‘ক’ গ্রুপ মিশনগুলোর মধ্যে রয়েছে- পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’ অন্তর্ভুক্ত ৪১টি মিশনে এ-লেভেল ও স্নাতক—উভয় পর্যায়েই এক সন্তানে সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানে ৩২ হাজার ডলার (প্রায় ৩৯ লাখ ৮৬ হাজার টাকা) দেওয়া হবে।
এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুমের বাংলাদেশ মিশন।
এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এই গ্রুপে রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনও এই তালিকায় অন্তর্ভুক্ত।
গ্রুপ ‘গ’ অন্তর্ভুক্ত ১৯টি মিশনে উভয় পর্যায়ে এক সন্তানে সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানে ২৮ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ৮৮ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর; হ্যানয়, ভিয়েতনাম; ম্যানিলা, ফিলিপাইন; বন্দরসেরি বেগাওয়ান, ব্রুনাই; দক্ষিণ এশিয়ার চেন্নাই, ভারত ও মালে, মালদ্বীপ; মধ্যপ্রাচ্যের বৈরুত, লেবানন; মানামা, বাহরাইন; কায়রো, মিসর; তেহরান, ইরান; আফ্রিকার নাইরোবি, কেনিয়া; প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; আলজিয়ার্স, আলজেরিয়া; ত্রিপোলি, লিবিয়া; ফ্রিটাউন, সিয়েরা লিওন এবং ইউরোপের এথেন্স, গ্রিস; কোপেনহেগেন, ডেনমার্ক; বার্লিন, জার্মানি ও লিসবন, পর্তুগালের বাংলাদেশ মিশন।
অন্যদিকে গ্রুপ ‘ঘ’ অন্তর্ভুক্ত ৯টি মিশনে এ-লেভেলে এক সন্তানে ২০ হাজার ৫০০ ডলার ও স্নাতকে ২১ হাজার ডলার ভাতা মিলবে। উভয় পর্যায়েই দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২৫ হাজার ডলার (প্রায় ৩১ লাখ ১৪ হাজার টাকা)।
এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।
ভাতার শর্ত
প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে বহন করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। বাকি ৮৫ শতাংশ নির্ধারিত সীমার মধ্যে সরকার দেবে। একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
ভাতার অর্থ কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত হিসাবে না দিয়ে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠাতে হবে।
একত্রে পুরো ফি পরিশোধের বাধ্যবাধকতা থাকলে নিজস্ব ১৫ শতাংশ মিশনে জমা দেওয়ার সাপেক্ষে মিশন কর্তৃপক্ষ পুরো অর্থ পরিশোধ করতে পারবে।
অ-ইংরেজিভাষী দেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ না থাকলে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানকে পড়ালেও কর্মরত মিশনের নির্ধারিত সীমা অনুযায়ীই ভাতা পাওয়া যাবে।
এএইচ
আরও পড়ুন










