যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে: নজরুল ইসলাম
প্রকাশিত : ২২:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
যারা পরিবর্তনের প্রতিপক্ষ এবং যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, যে সময় এ ঘটনা ঘটেছে, তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে।
তিনি বলেন, সৈয়দপুরের ঘটনা ছাড়াও লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালী, রাজশাহীর গোদাগাড়ী, ময়মনসিংহের ধোবাউড়া, কক্সবাজারের রামু এবং বগুড়ার কাহালু এলাকায় জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী বিতরণের অভিযোগ রয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একটি বক্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের অনলাইন খবরে ইসির সিনিয়র সচিবকে উদ্ধৃত করে বলা হয়েছে—‘৫০ লাখ কেন, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো বাধা নেই’। কিন্তু বিষয়টি জানতে চাইলে তিনি আমাদের বলেছেন, এমন বক্তব্য তিনি কখনো দেননি।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন আরও শক্ত ভূমিকা রাখতে পারত। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে। নির্বাচনে যারা বিজয় নিয়ে আত্মবিশ্বাসী নয়, তারাই জনগণকে প্রতিপক্ষ মনে করছে।
এ ছাড়া সৈয়দপুরের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্য না থাকলে অনাপত্তিপত্রের প্রয়োজন কেন হলো—সে প্রশ্ন থেকেই যায়।
এমআর//
আরও পড়ুন










