যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
প্রকাশিত : ১১:০১, ৩০ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীসহ আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাঙ্গামাটি ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় যে, রাজধানীসহ আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হলেও তা সাময়িকভাবে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।
পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
এএইচ
আরও পড়ুন










