ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬

যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। শুধু যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (২৯ মে) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে একদিন দেশের সেরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিতে পারে।

তিনি বলেন, যাদের সর্বোচ্চ যোগ্যতা ও দক্ষতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে শিক্ষার মানের সঙ্গে কখনো আপস করা যাবে না।

তিনি প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়। সেই দাবি বাস্তবায়নে সরকার দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকেরা।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি