রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত : ২২:৩৩, ২২ জুন ২০২৬
রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার একটি অভিজাত হোটেলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজশাত (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টা ৪২ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত নুজশাত নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ও আফসানা পারভীন লীনার মেয়ে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার কিছু আগে নুজশাত একাই নর্থভিউ হোটেলে প্রবেশ করেন। পরে তিনি হোটেলের ১০ তলার ছাদে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৫টা ৪২ মিনিটে তিনি ছাদের গ্রিলের ওপর উঠে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরীজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সন্তানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার বাবা-মা ও স্বজনরা। তারা জানান, নুজশাত কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। কীভাবে তিনি হোটেলে গেলেন এবং তার সঙ্গে কেউ ছিল কি না, সে বিষয়গুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা হেফাজতে নেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর//
আরও পড়ুন










