ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন রমজান মাসে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। বিদ্যুৎ ভবনে বৃহস্পতিবার গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রমজানে দোকানপাট, বিপণি বিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ, পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম বন্ধ রাখা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ রাখা, ইফতার ও সেহরির সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের এসির ব্যবহার সীমিত রাখা এবং ইফতার, তারাবি ও সেহেরির সময় লোডশেডিং না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রোজায় আপনারা পরিমিত আলোকসজ্জা করবেন। যদিও এ নিয়ে আমাদের খুব বেশি আপত্তি নেই। কারণ এখন বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। তাছাড়া এ মাসে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেস্কো, ডিপিডিসির প্রতিনিধিরা।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি