ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে ঘিরে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

সোমবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দিলে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।”

অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, ‘‘স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’’

বাসযাত্রী সিরাজুল ইসলাম জানান, ‘‘দুই দিন আগে দেশ ট্রাভেলস বাসে ঢাকা যাওয়ার টিকিট করা ছিল দুপুর ১১টার বাসে। আসার পর টাকা ফেরত দিয়েছে। এতে চরম সমস্যায় পড়েছি। বিকল্প পথে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তায় আছি। কারণ আজ ঢাকায় যেতেই হবে আমাকে।’’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি