ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা, সেই ওসিকে চট্টগ্রামে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন ওসি। ওই ঘটনার প্রায় ২০ দিন পর তাকে বদলি করা হলো।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনস্বার্থে তাকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তার বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে থানায় যান রুমিন ফারহানা। সেসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এর আগে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মঞ্জুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি