ঢাকা, শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৭, ৩০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (৩০অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই ঐতিহাসিক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  আজ দুপুর ১২টায় সফলভাবে দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এর পর থেকেই অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটকে ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দেয়। এই ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত নিরাপদ ও স্থায়ী উপায়ে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করবে। 

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অনুযায়ী রাশিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের ‘বি ওয়ান’ ধাপ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি ‘বি টু’ ধাপে প্রবেশ করেছে, যা মূলত পারমাণবিক চুল্লিকে প্রাথমিক অপারেশনের জন্য প্রস্তুত করে। এই প্রক্রিয়ায় ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে যখন ৩০০ মেগাওয়াটে পৌঁছাবে, তখনই বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 

এদিকে প্রথম ইউনিটের এই মাইলফলকের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটেও বড় অগ্রগতি দেখা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, তারা দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ শুরু করেছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি