ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের ওপর গণহত্যাই চালানো হয়েছিল, রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন সকালেই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুটে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। আদালত তোমাদের পরিচয়—‘রোহিঙ্গা’ নামটি উচ্চারণ করেছেন। 

আদালতের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা ঘটেছিল, তা ছিল গণহত্যা।” এ সময় যারা এই ঐতিহাসিক বিচার দেখে যেতে পারেননি, সেই সব নিহত রোহিঙ্গাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

এর আগে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্যাম্পগুলোতে কাজ করার স্মৃতিচারণ করে ড. খলিলুর রহমান বলেন, “আমি নিউইয়র্কে বসে কেবল তোমাদের নিয়ে কথা বলতে চাইনি, বরং সরাসরি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের আর্তনাদ শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।”

তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং গ্রামগুলো নিশ্চিহ্ন করে দিয়েছে বলে আদালত প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

এই ঐতিহাসিক আইনি বিজয়ে ভূমিকা রাখা গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।

আদালতের এই রায়কে বাস্তবে রূপ দিতে এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান চার দফা সুস্পষ্ট আহ্বান তুলে ধরেন:

১. বিচার ও জবাবদিহি নিশ্চিত করা: গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত সন্দেহভাজনদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটিগুলো সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দিতে হবে।

২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ ভূমিতে ফেরার ব্যবস্থা করতে হবে। তাদের হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্রিত করা এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘকে মিয়ানমারে কাজ করার সুযোগ দিতে হবে।

৩. বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধি: অপূরণীয় ক্ষতির জন্য ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে মিয়ানমারকে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা খাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আরও বাড়াতে হবে; কারণ বাংলাদেশের একার পক্ষে দীর্ঘমেয়াদে এই বিশাল চাপ বহন করা সম্ভব নয়।

৪. রায় বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধ: আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে মিয়ানমারে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা নির্ভয়ে বসবাস করতে পারে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় বাস্তবায়ন করা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক; ব্যর্থ হলে বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রসঙ্গ টেনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে, যাদের কোনো সেনাবাহিনী বা রাষ্ট্রক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি