লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক
প্রকাশিত : ১৫:৩০, ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুর একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা শাহিনুর বেগম এবং তার দুই মেয়ে শিফা ও ইকরা। বড় মেয়ে সায়মাকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লারহাট এলাকার বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামালের পরিবারের সদস্যরা নদীর পাড়ের একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে স্থানীয়রা ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পরিবারের চার সদস্যকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ সময় অভিযুক্ত এক ভাসমান ফল বিক্রেতা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মৃত্যুবরণ করেন। অপর জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্তকে মারাত্মক জখম অবস্থায় পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশি তদন্ত চলছে।
ঘাতকের পরিচয় এখনও জানা যায়নি।
এএইচ
আরও পড়ুন










