ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‌বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা–টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক টহল দল অভিযান শুরু করে। দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোঁটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি