ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫১, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির বেনগাজীতে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয় বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে ফেরা ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় লিবিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন অবস্থান করেন তারা। পরে পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। এতে সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এর আগে গত ৭ অগাস্ট ৩৪০ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন। সবমিলিয়ে দুই দফায় ৫১৪ জন বাংলাদেশি ফিরলেন।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি