ঢাকা, শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

শনিবারের মধ্যে সরকারি বাসার সাবলেট ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ২৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সরকারি বাসা বরাদ্দ নিয়ে যারা আংশিক বা পুরো ফ্ল্যাট সাবলেট হিসেবে ভাড়া দিয়েছেন, তাদের আগামী শনিবার (৩১ অক্টোবর) এর মধ্যে অবশ্যই ভাড়াটিয়াদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর নির্দেশনা জারি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ ভাড়াটিয়া অপসারণ না করলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বাসা বরাদ্দ বাতিলসহ তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আবাসন পরিদপ্তরের একটি পরিদর্শন দলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, কিছু বরাদ্দ প্রাপক তাদের সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক রুম কিংবা পুরো বাসা অন্য ব্যক্তির কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। 

এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ এর সম্পূর্ণ পরিপন্থি এবং আইনত দণ্ডনীয়। এই অনিয়ম বন্ধে পরিদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সরকারি আবাসন পরিদপ্তরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাট কোনোভাবেই সাবলেট দেওয়া যাবে না।

সরকারের বেঁধে দেওয়া সময়সীমা অর্থাৎ ৩১ অক্টোবরের পর যদি কোনো সরকারি বাসায় সাবলেট বা অবৈধ ভাড়াটিয়ার উপস্থিতি পাওয়া যায়, তবে কোনো কারণ দর্শানো (শো-কোজ) ছাড়াই সংশ্লিষ্ট বরাদ্দ প্রাপকের বাসা বরাদ্দ বাতিল করা হবে। 

শুধু তাই নয়, বরাদ্দ বিধিমালার ১৪ (৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীর অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি