ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

শপথের পর এলাকায় ফিরেই হাসপাতালে ছুটে গেলেন এমপি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

শপথের পর প্রথম এলাকায় এসে বাড়িতে না গিয়ে হাসপাতালে রোগীদের পাশে ছুটে যান মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে নিজ এলাকায় আসেন মৌলভীবাজার-৪ আসনের এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী। 

প্রথমে মৌলভীবাজার জেলার প্রবেশ পথ শ্রীমঙ্গল চা কন্যায় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি সে ফুল নিজের হাতে নিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য উল্টো দলের নেতাকর্মীসহ শ্রীমঙ্গলবাসীকে উপহার দেন।

পরে চা-কন্যা এলাকা থেকে বিশাল সাইকেল সো-ডাউন করে হাজারো নেতাকর্মী তাকে নিয়ে আসে শহরে। শ্রীমঙ্গল চৌমুহনীতে নির্ধারিত পথসভা করে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু শহরে যানজট লেগে যাবে তাই তিনি পথসভা বাতিল করে নেতাকর্মীদের দ্রুত রাস্তা ছেড়ে দেয়ার আহবান জানান। পরে তিনি চলে যান শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে। 

সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং প্রত্যেক রোগীকে তরল দুধ উপহার দেন। এ সময় চিকিৎসকরা হাসপাতালের সমস্যা তুলে ধরলে হাজী মুজিব পর্যটন উপজেলা ও গুরুত্ব বিবেচনা করে শ্রীমঙ্গল হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন এবং সংকট সমাধানে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আর্কশন করেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকি জানান, আমাদের নেতা শপথের পর আজ প্রথম এলাকায় আসেন। শ্রীমঙ্গল চৌমুহনীতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু শহরের যানজটের কথা চিন্তা করে তিনি পথসভা বাতিল করে শ্রীমঙ্গল ষ্টেশন রোডে গাড়িতে থেকেই সংক্ষিপ্ত বক্তব্যে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য শ্রীমঙ্গলবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি নেতাকর্মীদের রেখে চলে যান শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে ভর্তি রোগীদের সাথে দেখা করতে।

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝারু মিয়া বলেন, দীর্ঘদিন পর শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ একজন জনবান্ধব নেতা পেয়েছে। প্রথম দিনেই হাজী মুজিবুর রহমানের কর্মকাণ্ড প্রমাণ করে যে, তিনি কত বড় মনের মানুষ।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, ঢাকায় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আজ আমি নিজ এলাকায় ফিরলাম। শ্রীমঙ্গল চৌমুহনায় আমার পথসভা ছিলো। কিন্তু পথসভা হলে মানুষের ভোগান্তি হবে চিন্তা করে আমি পথসভা বাতিল করেছি৷ আমি নির্বাচনের আগে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ শ্রীমঙ্গল ঢোকার পর আমার মনে হয়েছে আগে হাসপাতালে একটু ঘুরে আসি৷ সেখানে চিকিৎসার ব্যবস্থাটা বুঝি। আর অসুস্থ রোগীদের দেখে আসি। তাই আমার নেতাকর্মীদের আমি বাড়িতে পাঠিয়ে কয়েকজনকে সাথে নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসলাম। 

‘এখানে রোগীদের সাথে কথা বললাম, ডাক্তার নার্সদের সাথে কথা বললাম। এখানে হাসপাতালে অনেক সংকট আছে। ডাক্তার কম, নার্স কম, পর্যাপ্ত বেড নেই, মাত্র একটি এম্বুলেন্স, তারপরেও এখানকার ডাক্তাররা অনেক কষ্ট করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে বিষয়টি আলোচনা করবো।’

তিনি আরও বলেন, যেহেতু আমার এলাকাটি পর্যটন এলাকা তাই এখানে সেবার মান আরো ভালো  করতে হবে। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 

নবনির্বাচিত এমপি বলেন, এখানে অনেক কাজ আছে। সব পর্যায়ক্রমে শুরু হবে। শ্রীমঙ্গল কমলগঞ্জকে আমি আরো সুন্দর করে তুলতে চাই।

এর আগে তিনি শ্রীমঙ্গল চা কন্যায় প্রথম নিজ এলাকার মাটিতে পা দিয়েই লক্ষ করেন চা কন্যার ভাস্কর্যটি একেবারে ঢাকা-মৌলভীবাজার সড়কের পাশে। পর্য্টকরা এখানে এসে ছবি তুলেতে গেলে রাস্তায় চলে যেতে হয়। তাই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। এ সময় তিনি মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগ যেন জায়গাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি