ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীরা কোনো ধরনের গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না। তারা চায় প্রকাশ্যে সবকিছুই হবে।’

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ক্যাম্পাস রাজনীতি ও শিক্ষার পরিবেশ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

হুইপ বলেন, ক্যাম্পাসগুলোতে বর্তমানে আবারও অস্থিরতার পায়তাঁরা চলছে। এভাবে যদি গুপ্তভাবে মব তৈরি করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়, তবে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য কখনোই সুখকর হবে না।আমাদের শিক্ষার্থীরা এরই মধ্যে অনেক সময় হারিয়ে ফেলেছে। তারা আর কোনো অস্থিতিশীল পরিবেশ চায় না। তাদের চাওয়া হলো ক্যাম্পাস হবে নিরাপদ ও শান্ত, যেখানে কোনো গোপন রাজনীতির স্থান থাকবে না। 

তিনি বলেন, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক আলোচনা করতে হলে সবার মতামতের ভিত্তিতেই একটি রূপরেখা তৈরি করা যেতে পারে। এমনকি সংসদেও এ নিয়ে আলোচনা হতে পারে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনীতির চর্চা চলবে।

বিগত ফ্যাসিস্ট আমলের কথা স্মরণ করে রকিবুল ইসলাম বকুল বলেন, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। অনেক রক্তের বিনিময়ে আমরা যে ক্যাম্পাস ফিরে পেয়েছি, সেই পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো বিশেষ মহলের স্বার্থে মব তৈরি করে ফ্যাসিস্ট জামানায় ফেরার চেষ্টা ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ ও দেশের সুযোগ্য নেতৃত্ব গড়ে উঠুক।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি