শুক্রবার থেকে ৯ দিনব্যাপী পাট মেলা শুরু : পাট প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৬:৪৩, ৫ মার্চ ২০২৬
জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) অনলাইনে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ তথ্য জানান।
পাট ও পাটপণ্যের প্রতি আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বন্ধ থাকা সাতটি পাটকল খুলে দেয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরবর্তীতে চালু করা হবে বলেও জানানো হয়েছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা; যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হওয়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার।
অপরদিকে, দেশের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসি'র নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে।
ইতোমধ্যে ইজারা দেয়া মিলগুলোর মধ্যে নয়টি মিলে ৭ হাজার ২০০ জন কাজ করছে; যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এমআর//
আরও পড়ুন










