শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে
প্রকাশিত : ১০:২৯, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩১, ১৭ নভেম্বর ২০২৬
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর আজকেও গাজীপুরের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ৩০ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবি জানাচ্ছে শ্রমিকেরা।
উদ্ভুত পরিস্থিতিতে আজ ৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও শ্রমিকরা মহাসড়ক ছাড়ছে না।
পুলিশ জানিয়েছে, মহাসড়কে যানবাহন সচল রাখতে এবং শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় তাদের সদস্যরা কাজ করছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় অন্যদিনের মতো আজও জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ, ১৫ প্লাটুন বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
এএইচ
আরও পড়ুন










