ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

সরকারি নির্দেশে ফরিদপুরে এক সপ্তাহের জন্য সেনা মোতায়েন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪০, ২২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করে।

জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরেও সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সেনাবাহিনী।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি