ঢাকা, শুক্রবার   ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের সুখবর দিলেন তথ্য প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই এর সুফল সারা দেশের সাংবাদিকরা পাবেন বলে আশা করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও ইয়োলো জার্নালিজম কমাতে সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পিআইবির মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাক্‌স্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা অব্যাহত থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের বাক্‌স্বাধীনতা অব্যাহত থাকবে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ সরকার নেবে না। সাংবাদিকরা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে কাজ করবেন।

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে গণমাধ্যমের মান বজায় রাখা এবং জনগণকে সঠিক সংবাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। একই সঙ্গে ইয়োলো জার্নালিজম বন্ধেও সরকার কাজ করছে।

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মিডিয়া কন্ট্রোল করার মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করতে তিনি নির্দেশনা দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটি গণতান্ত্রিক সরকার। সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করবেন। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা কাজ করবেন। আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবও না।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চায় না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। বিচার বিভাগকে আরও শক্তিশালী করার বিষয়েও সরকার কাজ করবে জানিয়ে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি