সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের নেতিবাচক ধারণা: আইনমন্ত্রী
প্রকাশিত : ১২:৪২, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৬, ৬ অক্টোবর ২০২৬
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ঢাকাতে যারা সাব-রেজিস্ট্রার হিসেবে আসেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। সেই প্রাইজ পোস্টিংয়ের মধ্যে আমরা প্রথম লটারি করতে যাচ্ছি। ঢাকার পদগুলো সব ‘এ’ ক্যাটাগরির।
মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার রয়েছেন। তাদের মধ্য থেকে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে। এরপর তাদের দক্ষতা যাচাই করে ঢাকার বিভিন্ন এলাকায় পোস্টিং দেওয়া হবে। এই উদ্যোগের ফলে দুর্নীতি কমবে বলে আশা আইনমন্ত্রী।
তিনি জানান, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন তার মধ্যে খালি পদ আছে ১৩৯ জন। এই নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রী।
সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। আবার অভিযোগ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নিলেই হবে না, সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। দুর্নীতি রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এএইচ
আরও পড়ুন










